কমলগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০২২ ১২:০৩

কমলগঞ্জ থেকে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি বিরল প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকার চন্দন বাউড়ির বাড়ি থেকে বন বিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ড লাইফের (এসইডব্লিউ) কর্মীরা যৌথভাবে প্রাণীটি উদ্ধার করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে প্রাণীটিকে অসুস্থ ভেবে পাহাড়ি ছড়া থেকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি। এসইডব্লিউর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, গতকাল বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিল। তখন প্রাণীটিকে অসুস্থ ভেবে ফুলবাড়ি এলাকার বুধা বাউড়ি প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে যান।

এ নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর কাছে তথ্য এলে বনরুইটি উদ্ধারের পরিকল্পনা হয়। সে অনুযায়ী প্রথমে ক্রেতা সেজে প্রাণীটির সন্ধান করেন সোহেল শ্যাম। অবস্থান নিশ্চিত হওয়ার পর বন বিভাগকে জানালে বনরুইটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

সোহেল শ্যাম বলেন, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। ইংরেজিতে প্রাণীটিকে ‘চায়নিজ পেনগলিন’ বলা হয়। রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকায় এটি ‘বনরুই’ নামে পরিচিত। বনরুই গহিন বনে ১০-১৫ ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে। এরা নিশাচর ও লাজুক প্রকৃতির।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধারের পর প্রাণীটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুততম সময়ের মধ্যেই অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত