নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৬ ২৩:২১

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে যা বললেন বাণিজ্যমন্ত্রী

চিকিৎসা কোনো ব্যবসা নয়, এটি একটি সেবা। তাই চিকিৎসক ও রোগীর স্বজন- উভয় পক্ষকেই দায়িত্বশীল ও সহনশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসক হোক কিংবা অন্য পর্যায়ের চিকিৎসক, রোগীদের সঙ্গে সদয় আচরণ করা এবং যথাযথ সেবা দেওয়া তাদের দায়িত্ব। একই সঙ্গে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর স্বজনদেরও ধৈর্য ধারণ করতে হবে।

শুক্রবার সিলেটে একটি বেসরকারি ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

গত ২৮ সেপ্টেম্বর রাতে ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের সাথে মারামারির তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দুই সাংবাদিক।

এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা বা অপ্রতুলতার কারণে ক্ষুব্ধ হয়ে চিকিৎসকদের ওপর হামলা চালানো হলে পুরো চিকিৎসাব্যবস্থাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। চিকিৎসকদের দুর্ব্যবহার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি রোগীর স্বজনদের বিশৃঙ্খল আচরণ বা হামলাও কাম্য নয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওসমানী মেডিকেলের পরপর একাধিক এরকম ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা কনসার্ন। এটি নিয়ে আমরা কাজ করব, কাজ করছি।

আপনার মন্তব্য

আলোচিত