কুলাউড়া প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০২২ ১৭:০০

ক্ষতবিক্ষত লাশটি পড়েছিলো রেললাইনে

৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধার

ফাইল ছবি

সিলেট-আখাউড়া রেল সেকশনের মাইজগাঁও-ভাটেরা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে ছিলো। লাশটি পড়ে থাকাবস্থায় সকালে দেখেন স্থানীয়রা। পরে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানাযন তারা।

খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে ভাটেরা-মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিলেট রেলথানা পুলিশ।

সিলেট রেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৯৯৯ থেকে কল করে মাইজগাঁও রেল স্টেশন মাস্টারের কাছে জানানো হয় মুমিনছড়া চা বাগান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে আছে। বিষয়টি মাইজগাঁও রেল স্টেশন মাস্টার সিলেট রেল থানাকে জানান সকাল ৮টার দিকে। পরে রেল থানার একটি পুলিশ দল ঘটনাস্থল ২৯ নং রেল ব্রিজ এলাকা থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে সিলেট থানায় নিয়ে যায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম হোসেন শিকদার সিলেটটুডেকে মোবাইলে বলেন, লাশ ক্ষতবিক্ষত অবস্থায় থাকায় নাম-বয়স তাৎক্ষণিক নিশ্চিত হতে পারিনি। কোন ট্রেনে কাটা পড়েছে সেটাও জানতে পারিনি। সিআইডির ফরেনসিক ইউনিটের একটি টিমকে লাশের আলামত সংগ্রহের জন্য আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন। থানায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিআইডির তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত