বানিয়াচং প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০২২ ১৮:০৯

পর্যটনের দিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই: প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বিশ্বের অনেক দেশ রয়েছে যা পর্যটন শিল্প দিয়ে পরিচিত। এর মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। পর্যটনের দিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। পর্যটন শিল্পের দিকে সাধারণ মানুষের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে প্রথমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হবিগঞ্জের ঐতিহাসিক বানিয়াচংয়ের পুরাতন স্থাপনাগুলোকে পর্যটনের আওতায় নিয়ে আনতে কাজ করছে সরকার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সোয়াম ফরেস্ট নামে খ্যাত বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবনে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য রেস্ট হাউজ এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, হবিগঞ্জ জেলা এখন আর পিছিয়ে নেই। শিল্প জেলা হিসেবে এখন সমধিক পরিচিত। সেই সাথে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এ জেলা। এ ক্ষেত্রে বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবন, ঐতিহাসিক কমলাবতির সাগর দিঘী, বিথঙ্গলের আখড়া ও গড়ের খালসহ বিভিন্ন জায়গা পর্যটন স্পট হিসেবে সবার কাছে পরিচিতি পাচ্ছে। পর্যায়ক্রমে এসব জায়গাকে পর্যটনের আওতায় নিয়ে আসা হবে। যেমনিভাবে সরকার রাজস্ব পাবে, তেমনিভাবে এলাকাগুলোও উন্নতি হবে। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন ও আব্দুল আহাদ মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্র্রতিমন্ত্রীর পিএস (উপসচিব) আব্দুল জলিল, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত