২৮ ফেব্রুয়ারি , ২০২২ ০১:৪১
অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)। তবে শিক্ষা কার্যক্রম শুরু হলে প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে।
রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টি উদ্বোধনী ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত সাংসদ আবু জাহিরকে সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসটি ঘুরে দেখান।
উপাচার্য ড. মো. আবদুল বাসেত জানান, শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে। তখন প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে।
অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম।
২০২০ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। গেল বছরের ৭ সেপ্টেম্বর বিলটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন কর হলে ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হয়।
২২ মার্চ বিশ্ববিদ্যারয়টির প্রথম উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেযা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আবদুল বাসেতকে।
আপনার মন্তব্য