০২ মার্চ, ২০২২ ১৫:১৬
রোমানিয়া পাঠানোর নামে প্রায় ৩০০ জনের কাছ থেকে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগে গ্রেপ্তার হওয়া সিলেটের আমিন রহমান ট্র্যাভেলসের সত্ত্বাধিকারী আমিন রহমানকে আজ বুধবার আদালতে তোলা হবে। দুপুরে তাকে আদালতে তোলে তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, বিদেশ গমনেচ্ছুদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া আমিন রহমানকে আদালতে প্রেরণ করে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। আজই তাকে আদালতে তোলা হচ্ছে।
এরে আগে গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার তেতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা আমিন নগরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে অবস্থিত 'আমিন রহমান ট্রাভেলস' নামক প্রতিষ্ঠানের মালিক আমিন রহমান রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে লোকজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যান। পরে গত রোববার আমিন রহমান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানবপ্রাচার আইনে মামলা করেন ফখরুল ইসলাম নামের এক ভুক্তভোগী।
মামলায় অভিযোগ করা হয়েছে, রোমানিয়া পাঠানোর কথা বলে বাদীর মতো অনেকজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে গা-ঢাকা দিয়েছেন আমিন রহমান। টাকা নিয়ে কাউকে ভিসা দেননি তিনি। অনেকের পাসপোর্টে জাল ভিসা লাগিয়ে প্রতারণা করেছেন।
গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আমিন রহমান ট্রাভেলসের সামনে বিক্ষোভ করেন প্রতারিতরা। এরপর রোববার থেকে বন্ধ রয়েছে আমিন রহমান ট্র্যাভেলস।
আপনার মন্তব্য