নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২২ ১৯:১২

‘পুলিশের নির্যাতনে’ মৃত্যু : পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার নামে মামলার আবেদন গ্রহণ করে তা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াজিদুজ্জামান শিকদার এ রায় দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিজ বাড়ি থেকে উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানার পুলিশ। পরদিন ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান উজির মিয়া।

এরপর ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে থাকাকালে অসুস্থতা আরও বেড়ে গেলে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত রোববার (২৭ ফেব্রুয়ারি) উজির মিয়াকে নির্যাতনের অভিযোগে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, তখনকার দায়িত্বপ্রাপ্ত ওসি আলাউদ্দিন পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে তার পরিবার। গ্রেপ্তারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি বিকেলে উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে ৪ ঘণ্টাব্যাপী পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।

আপনার মন্তব্য

আলোচিত