০৬ মার্চ, ২০২২ ২১:০৯
পাখির সাথে ধাক্কা লেগে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফটের ইঞ্জিন। এতে সিলেট থেকে লন্ডনগামী বিমানের বিজি-২০১ ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। ফলে সিলেট বিমানবন্দরে আটকা পড়ে আছেন ওই ফ্লাইটের ২৬৫ জন যাত্রী।
রাত সাড়ে ৮টায়ও ফ্লাইটটি উড্ডয়ন করতে না পারায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা যায়, রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিস্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সাথে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে আছে এয়ারক্রাফটটি।
ওই ফ্লাইটের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় ১২ ঘন্টা ধরে বিমানবন্দরে আটকা পড়ে আছি। কখন ফ্লাইটটি ছাড়বে এ ব্যাপারেও কেউ কিছু জানতে পারছে না। ফলে বাচ্চাকাচ্চা নিয়ে চরম দুর্ভোগে পড়েছি।
তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ বলেন, পাখির সাথে ধাক্কা লাগার কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরে আটকা পড়ে আছে। বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিমানের সাথে পাখির ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিমানটি অবতরনের আগে কোথাও পাখির সাথে ধাক্কা লাগতে পারে।
এদিকে, সিলেট-লন্ডনগামী ফ্লাইট উড্ডয়ন করতে না পারায় হিথ্রো-সিলেটের ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য