০৬ মার্চ, ২০২২ ২৩:১০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী সোহানা তালুকদার কলেজ বন্ধ থাকায় গড়ে তুলেছিলেন দেশী মোরগ ও কবুতরের খামার। মায়া মমতা দিয়ে পালন করছিলেন মোরগ ও কবুতর। এগুলো বেশ বড় হয়ে উঠছিল। কিন্তু শখের খামারে নজর পরে কিছু দুষ্ট লোকের।
রোববার ভোররাতে খামারের বেড়া কেটে মোরগ ও কবুতর নিয়ে গেছে চোর চক্র। শখের খামারে সকালে গিয়ে দেখতে পায় বেড়া কেটে তার মোরগ ও কবুতর চুরি হয়ে গেছে। এগুলোর মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এ ক্ষতির কারণে কলেজ ছাত্রী সোহানা তালুকদার এখন হতাশ হয়ে পড়েছেন। স্বপ্ন ছিল দেশী মোরগ ও কবুতরের খামারের আরও প্রসার ঘটাবেন।
এ ঘটনায় রোববার দুপুরে তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোহানা তালুকদার জানান, মহামারী করোনার মধ্যে কলেজ বন্ধ থাকায় নিজের জমানো অর্থ দিয়ে ছোট পরিসরে একটি ঘর করে এতে দেশী মোরগ ও কবুতর তুলেছিলেন। লাভের স্বপ্ন নিয়ে মোরগ ও কবুতর পালন করছিলেন। কিন্তু কিছু দুষ্ট লোক তার খামারে হানা দিয়ে অংকুরেই তার স্বপ্ন নষ্ট করে দিল।
মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য