০৮ মার্চ, ২০২২ ২১:২১
গোলাপগঞ্জে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে কাচা মিয়া নামের এক ইটভাটা ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে বাঘা ইউনিয়নের হাতিম নগর মৌজায় (৬ ও ১০ নম্বর দাগ) অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা।
অর্থদণ্ডপ্রাপ্ত কাচা মিয়া বাঘা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।
জানা যায়, বাঘা ইউনিয়নের হাতিম নগর মৌজায় (৬ ও ১০ নম্বর দাগ) একটি মাটিখেকো চক্র কয়েকদিন ধরে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটাতে নিয়ে যাচ্ছিল। এতে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও এই চক্রটি অভিযানের খবর পেয়ে সরে যেত। এই চক্রটি কৌশল পাল্টে রাতের আঁধারেই মাটি কেটে আসছিলো। মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা অভিযান পরিচালনা করে ইটভাটা ব্যবসায়ী কাচা মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাঘায় অবৈধভাবে ফসলি জমি থেকে টপ সয়েল কাটা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য