নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২ ২৩:১৬

অনন্ত বিজয় হত্যা: শেষ হয়নি যুক্তিতর্ক উপস্থাপন

বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি।  বুধবার আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করলেও শেষ না হওয়ায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করেছেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। বৃহস্পতবিার বেলা সাড়ে ১১টা থেকে আবার বাদীপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। বাদীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীরাও যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে এ দিন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী শুনানির দিন আগামীকাল নির্ধারণ করেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশা করা হচ্ছে আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। এরপর বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন। চলতি মাসের মধ্যে মামলার রায় ঘোষণা করা হতে পারে বলে তার আশা।

মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন আবুল খায়ের রশীদ আহমদ ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান।

যুক্তিতর্ক উপস্থাপনে বাদীপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন, সমর বিজয় শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে অংশ নেন আবদুল আহাদ ও ইমরান আহমদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া তিনি বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত