কমলগঞ্জ প্রতিনিধি:

১০ মার্চ, ২০২২ ২১:০৩

কমলগঞ্জে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পিকআপ জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া চা বাগান এলাকার পাহাড়ি কামারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে একটি পিকআপ জব্দ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে জব্দকৃত ট্রাক কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আলীনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু জাফর মো. রফিউল আলম বাদী হয়ে এই পিকআপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আলীনগর চা বাগানের ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী জানান, আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন থেকে আলীনগর চা বাগানের ফাঁড়ি কামারছড়া চা বাগান এলাকার কামারছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছিলেন। এতে চা বাগানের ভেতরের প্রাইভেট সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে চা বাগানের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিকার মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে সহায়তাও চেয়েছিলেন। এরপর প্রশাসনিকভাবে দুইবার অভিযান পরিচালনা করলে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ ছিল। সম্প্রতি আবার এ চক্রটি বালু উত্তোলন করায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে কামারছড়া থেকে বালু উত্তোলন করায় তিনি (বাগান ব্যবস্থাপক) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের সাহায্য কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার বাড়ি থেকে বালু নামানোর সময় একটি নম্বরবিহিন সাদা রংয়ের পিকআপ জব্দ করা হয়। এসময় রশিদ উল্যা ও পিকআপের চালকসহ মজুররা পালিয়ে গেলে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পিকআপ জব্দের ঘটনায় চা বাগানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত