১১ মার্চ, ২০২২ ১৭:২০
মৌলভীবাজারের বড়লেখায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। এসময় ডিবি পুলিশ মাদক কারবারি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিন ও তার ছেলে উপজেলা অটো-টেম্পু-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ এবং শিক্ষার মহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলিম উদ্দিন।
গ্রেপ্তার আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময় সহযোগি ও কতিপয় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য ডিবি পুলিশের ওপর হামলা করে। এসময় তারা ডিবি পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।
এদিকে শুক্রবার দুপুরে থানা পুলিশ আসামিদের আদালতের মাধ্যমে করাগারে পাঠিয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ বড়লেখা পৌরশহরের আলভিন রেস্টুরন্টের সামনে মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় মাদক কারবারিদের তল্লাশিকালে তাদের সহযোগিরা জড়ো হয়ে আভিযানিক দলের ওপর হামলা চালায়। পরে ডিবি পুলিশ ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহুবন্দ গ্রামের মাদক কারবারি রিয়াজ উদ্দিন ও তার ছেলে উপজেলা অটো-টেম্পু-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ এবং শিক্ষারমহল গ্রামের আলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার আসামিদের থানায় নিয়ে যাওয়ার পথে সহযোগিরা ফের তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এব্যাপারে ডিবি পুলিশ রাতেই থানায় পৃথক দুইটি মামলা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহুবন্দ গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন তার ছেলেদের নিয়ে দীর্ঘদিন ধরে বড়লেখায় মাদক ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। রিয়াজ উদ্দিন ও তার ছেলেদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
মৌলভীবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বড়লেখায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, মাদক উদ্ধার ও পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে ডিবি পুলিশ বড়লেখা থানায় আসামিদের হস্তান্তরের পর পৃথক দুইটি মামলা করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে বলেন, ‘গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়িকে থানায় হস্তান্তর করে পৃথক দুইটি মামলা দিয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য