২২ মার্চ, ২০২২ ০০:১৩
অনির্দিষ্টকালের জন্য আহুত কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। সোমবার জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে শনিবার রাতে নগরের এক বৈঠকে চার দফা দাবি আদায়ে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির শুরু হওয়ার কথা ছিলো।
এদিকে, শ্রমিকদের কর্মবিরতির কারনে সিলেটে পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছিলো। কর্মসূচি প্রত্যাহার করায় সেই শঙ্কা দূর হলো।
সোমবার বিকেলে পরিবহন শ্রমিক সংগঠনটির নেতাদের নিয়ে আলোচনায় বসেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। এই বৈঠক শেষে নিজেদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, জেলা প্রশাসক শ্রমিকদের ৪ দফা দাবি-ই এক সপ্তাহের মধ্যে পুরণের আশ্বাস দিয়েছেন। এ কারনে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।
শ্রমিকদের ৪ দাবির মধ্যে ছিলো- সড়ক দুর্ঘটনাজনিত মামলার ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করা, নতুন ও নবায়নের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান এবং পুরোনো লাইসেন্স নবায়নের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আবার চালু করা, সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদানের পাশাপাশি রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা।
কর্মবিরতি আহবানকারি সংগঠনের সভাপতি জানান, আজকের বৈঠকে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তাৎক্ষণিকভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল ও সিলেটে সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান- এই দুই দাবি মেনে নিয়েছেন। আর বাকি দুটো দাবি এক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে পুরণের আশ্বাস দিয়েছেন।
আপনার মন্তব্য