২৫ মার্চ, ২০২২ ২২:০২
সুনামগঞ্জের দিরাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ২ টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই সাংবাদিক ইউনিয়ন ও দিরাই বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার মো. নাবিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতাবিরোধী কালো আইন। এটি জননিরাপত্তার নামে জনহয়রানিমূলক আইন। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই এই আইনে গ্রেপ্তার করা হচ্ছে। এই আইনের অপব্যবহার করে সাধারণ মানুষ, সাংবাদিক ও শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিও জানান তারা।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। দাম নিয়ন্ত্রণে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। রমজানকে সামনে রেখে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়ানো পরিকল্পনা হচ্ছে। পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। দ্রুত দাম নিয়ন্ত্রণ করার দাবি জানান বক্তারা।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দিরাই রিপোটার্স ইউনিটির সভাপতি সৈদুর রহমান তালুকদার, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, স্কুল শিক্ষক রনি শেখ, শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আমির হোসাইন, দিরাই বাঁচাও আন্দোলনের সদস্য সাইফুর রহমান, শিহাব উদ্দিন, মো. আশরাফ আলী প্রমুখ।
আপনার মন্তব্য