মাধবপুর প্রতিনিধি:

০১ এপ্রিল, ২০২২ ২৩:২৭

মাধবপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও৮০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১ এপ্রিল) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিযাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের ৯ নম্বর এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলা কান্দাইল গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মো. খোকন মিয়া (৩৫), সিলেট সদর উপজেলার আলীনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফখরুল ইসলাম (৪০) ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো. রোমান মিয়া (২৪)।

পৃথক আরেক অভিযানে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউপির মেহেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সবুজ সর্দার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। সবুজ গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার তালতলী গ্রামের মো. আক্কাছ সর্দারের ছেলে।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত