কমলগঞ্জ প্রতিনিধি:

০২ এপ্রিল, ২০২২ ১৮:৫১

কমলগঞ্জে আগর গাছ পাচারকালে আটক ৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সামাজিক বনায়নের আগর গাছ কেটে পাচারকালে সিএনজি চালিত আটোরিকশাসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার আদমপুর বনবিটে ২০০০-২০০১ সনের সামাজিক বনায়নের আগর গাছ শনিবার (২ এপ্রিল) ভোররাতে কেটে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদমপুর বনবিটের কর্মীরা পাচারকারীদের পিছু ধাওয়া করে। এরপর বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে পাচারে ব্যবহৃত সিএনজি চালিত আটোরিকশাসহ ৩ জনকে আটক করে। এ সময় ৫ বস্তা আগর গাছের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যার পরিমাণ ২৬ ঘনফুট।

আটককৃতরা হচ্ছে- আদমপুর ইউনিয়নের পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী (৪৫), মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া (২৬) এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া (৩০)।

আদমপুর বন বিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত