০৭ এপ্রিল, ২০২২ ১৯:৫৬
হবিগঞ্জের মাধবপুরে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদা চাওয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের হাজী আহসান হাবিব হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানাকে তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের হাজী আহসান হাবিব তার খরিদকৃত একটি জায়গায় মাটি ফেলে ভরাট করতে গেলে ধর্মঘর ইউনিয়নের গ্রাম পুলিশ মালঞ্চপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে কুদ্দুছ মিয়া তার ভাই হারিছ মিয়া, মালঞ্চপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আব্দুল মিয়া বাধা দেন। তারা কাজী আহসান হাবিবের নিকট তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ৪ এপ্রিল কাজী আহসান হাবিবের লোকজন মাটি ভরাট করতে গেলে কুদ্দুছ মিয়ার লোকজন এসে বাধা প্রদান করে এবং আহসান হাবিবকে আক্রমন করে। এসময় হাবিব চিৎকার শুরু করলে কুদ্দুছসহ লোকজন চলে যায়।
এ ঘটনায় আহসান হাবিব বাদী হয়ে গ্রাম পুলিশ কুদ্দুছ মিয়াসহ ৩ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
এ ব্যাপারে গ্রাম পুলিশ কুদ্দুছ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গার মালিক দেশের বাইরে থাকে। এই জায়গায় মাটি ভরাট করতে চাইলে তিনি বাধা দেন। তবে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি কতটুকু সত্য তা আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখার প্রয়োজন। এ ঘটনার পিছনে অন্য কোনো কিছু আছে কি-না।
আপনার মন্তব্য