২৬ এপ্রিল, ২০২২ ০০:৩৪
সিলেট তামাবিল মহাসড়কে ইফতার বিতরণ করছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন।
সোমবার (২৫ এপ্রিল) বাদ আসর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে তিনি সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে চালক হেলপার ও যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করেন।
সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কে প্রতিদিন হাজার হাজার পরিবহন চলাচল করে। আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত পরিবহন শ্রমিক ও যাত্রীরা কোথায়-কীভাবে ইফতার করবেন তা নিয়ে একধরনের অনিশ্চয়তায় থাকতে হয়। অনেক সময় ইফতারের সময় সড়কের পাশে কোনো দোকানে গাড়ি থামালেও ইফতার পাওয়া যায় না। কখনো পেলেও অতিরিক্ত দামে কেনা অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ধুলোবালিতে ভরা তৈরি এসব ইফতার খেয়ে নানা রকম পেটের সমস্যায় ভোগেন। এদিকে রমজান মাসে সড়কের পাশে দোকানের সংখ্যায় অনেক কমে গেছে। তাই অনেক সময় শ্রমিক ও যাত্রীরা ইফতার করার সুযোগ থেকে বঞ্চিত হন। তাই তিনি বিনামূল্যে ইফতার বিতরণ করছেন।
একজন স্বেচ্ছাসেবক জানান, তিনশতাধিক ব্যক্তির মাঝে জয়নাল আবেদীন বিনামূল্যে ইফতার বিতরণ করেন। ইফতারের প্যাকেটে বিরিয়ানি, খেজুর, সালাদ, পেঁয়াজু ও পানির বোতল দেওয়া হচ্ছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন বলেন, মহাসড়কের পাশে অনেক দোকান বন্ধ রয়েছে। এসময় পরিবহন শ্রমিক ও যাত্রীরা ইফতার নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। দোকান স্বল্পতায় অথবা ইফতার না থাকায় অনেক রোজাদারের ভাগ্যে ইফতার জুটে না। তাই সাধ্যমত রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়ার চেষ্টা করছি।
আপনার মন্তব্য