০১ মে, ২০২২ ১৭:৪০
এরআগে শেষবার সিলেট ছেড়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন, ‘সিলেট আমার প্রিয় শহর। এইখানে এলে আমার শান্তি লাগে। আমি আবার সিলেট আসব।’ শনিবার ঠিকই আবার সিলেট এলেন আবুল মাল আবদুল মুহিত। তবে এবার এলেন নিথর দেহে, কফিনবন্দি হয়ে। আর রোববার নিজের প্রিয় শহরের মাটিতেই চিরঘুমে গেলেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।
রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের রায়নগর এলাকার পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে সমাহিত হন মুহিত।
এরআগে দুপুরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বেলা সোয়া দুইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তার সর্বশেষ জানাজা সম্পন্ন হয়।
জানাজায় মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। জানাজা পরিচালনা করেন সিলেটের প্রবীণ মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।
জানাজার আগে মন্ত্রী, এমপিসহ মুহিতের সহকর্মীরা তাঁর স্মৃতিচারণ করেন।
এসময় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, তিনি ছিলেন আমার বড় ভাই, আমার নেতা । আমার কাজের প্রধান তদারককারী ছিলেন। আমি তার নেতৃত্বে কাজ করেছি।
মান্নান বলেন, তিনি আদর্শ ব্যক্তি ছিলেন। তিনি সৎ ছিলেন, নির্লোভ করেছেন। তিনি আঞ্চলিক ছিলেন না। সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সবক্ষেত্রেই তার বিচরণ ছিলো। তিনি আমাদের প্রজন্মের আদর্শ।
বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, মুহিত ভাইয়ের মৃত্যুতে আমাদের অভিভাবক হারালাম। দেশের মানুষ একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হারালো।
মৌলভীবাজার-২ আসনের সাংসদ ও সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ বলেন, তিনি আমাদের গর্ব, আমাদের আদর্শ। বাংলাদেশ তার এক রত্নকে হারালো।
সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার বলেন, আমাদের প্রিয় মুহিত ভাই। তিনি আবার দুই বছরের সিনিয়র। আমরা একসাথে এমসি কলেজে পড়তাম। তিনি একটি সফল জীবন যাপন করে গেছেন। জীবন নিয়ে তিনি তৃপ্ত ছিলেন।
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, আবুল মাল মুহিত সিলেটের ক্ষণজন্মা মহাপুরুষ। তাকে হারিয়ে আমরা শোকাহত।
হবিগঞ্জের সাংসদ আব্দুল মজিদ খান বলেন, মুহিত ভাইয়ের মৃত্যু কোন সাধারণ মৃত্যু নয়, একজন কীর্তিমান মহাপুরুষের মহাপ্রয়াণ। তার আদর্শ আমরা অনুসরণ করবো।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিতের অনুজ, পররাষ্ট্রমন্ত্রী ড একে আবুল মোমেন। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোমেন বলেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে তাকে আপনারা ক্ষমা করে দেবেন। তার কোন দেনা থাকলে আমি পরিশোধ করবো।
তিনি বলেন, আমরা যেন উনার মতো সততার সাথে নিষ্ঠার সাথে জনগণের মঙ্গলে কাজ করতে পারি এই দোয়া করবেন।
এসময় আরও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব,সিলেট-২ আসনের সাংসদ মুকাব্বির খান,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।
জানাজায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডি আইজি, জেলা প্রশাসকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
আপনার মন্তব্য