০৫ মে, ২০২২ ২১:১৭
জরিমানার ঘটনায় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারের ইউনিক ট্রেডার্স। ব্যবসায়িক এই প্রতিষ্ঠানে নেই সয়াবিন তেল বলে মালিকপক্ষের লোক ফিরিয়ে দিচ্ছেন ক্রেতা সাধারণকে। এমন খবরে আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে আদালত প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। পরে ইউনিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনার পর আশপাশের কিছু ব্যবসায়ীরা পশ্চিমবাজারে বিক্ষোভ মিছিল করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, সয়াবিন তেল গুদামে মজুদ রেখে দোকানে বিক্রি না করার অপরাধে ইউনিক ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করার পর ওই দিন রাত পৌনে ৮টার দিকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তেল মজুদের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হবে।
আপনার মন্তব্য