বড়লেখা প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০১৫ ২২:৪২

২০২১ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে: হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। তখন দেশে কোনোভাবেই অতিদারিদ্র্য বলে কিছু থাকবে না।
হুইপ রবিবার মৌলভীবাজারের বড়লেখায় ১২৪০ জন গরীব ও দু:স্থদের মধ্যে কম্বল, ১৩৭ জনের মধ্যে ঢেউটিন ও গৃহ নির্মানের জন্য প্রত্যেককে তিন হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

হুইপ আরো বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অসাধারণ কৃতিত্ব রয়েছে। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার প্রায় ২৫ শতাংশের নিচে। এটা অবশ্যই ভালো অর্জন। আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সুনাম উদ্দিন, সুজানগর ইউপি আওয়ামী লীগ সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত