১৩ ডিসেম্বর, ২০১৫ ২৩:১১
মৌলভীবাজারের বড়লেখায় গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে বাড়ির গ্যারেজে রাখা দুটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আর এর সাথে অটোরিকশার মালিক মঈন উদ্দিনের স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বর্ণি ইউপির চেগা নামক গ্রামে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মঈন উদ্দিনের ভাই নূর উদ্দিন থানায় জিডি করেছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর শনিবার দিবাগত গভীর রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বর্ণি ইউপির চেগা নামক গ্রামের বাসিন্দা মঈন উদ্দিনের বাড়ির বসত ঘরের সাথে রাখা গাড়ির গ্যারেজে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে গ্যারেজে রাখা মঈন উদ্দিনের ২টি গাড়ী (নং-মৌলভীবাজার-থ-১১-৮৯৭৪ ও ১১-৯৭০১) পুড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়ায় তাদের ঘুম ভাঙে। পরে ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে দুটি সিএনজি অটোরিকশার অধিকাংশ পুড়ে যায়।
গাড়ির মালিক মঈন উদ্দিনের ভাই নূর উদ্দিন বলেন, ‘আমার ভাই লোনের (কিস্তি) মাধ্যমে গাড়ি দুইটি ক্রয় করেন। উপার্জনের এক মাত্র উৎস ছিলো অটোরিকশা দুটি।’
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়নোর বিষয়টির কারণ অনুসন্ধান করতঃ প্রকৃত দোষীদের গ্রেফতারে গুপ্তচর নিয়োগ করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক শীঘ্রই রহস্য উদঘাটিত হবে।
আপনার মন্তব্য