আর ইসলাম, গোয়াইনঘাট

১৪ ডিসেম্বর, ২০১৫ ০১:৩৫

জেলা কমিটি নিয়ে গোয়াইনঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

গোয়াইনঘাটে সিলেট জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি বাতিল ও স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে পক্ষে বিপক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষে ৮/১০জন আহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরে স্কুল রোডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সভাপতি গ্রুপের পক্ষে শাহজাহান সিদ্দিক সাবুল, মিছবাহ ও জাবের এবং সম্পাদক গ্রুপের সুমন। বাকীদের নাম জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিল‘র দাবিতে উপজেলা ছাত্রলীগ‘র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান‘র নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী মুক্তিযোদ্ধা কার্যালয়ের  সম্মুখে জড়ো হন এবং একই সময়ে সভাপতি মিসবাহ উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা পুরাতন বাস ষ্টেশন এলাকায় সমবেত হন।   উভয় গ্রুপ পৃথক পৃথক মিছিল শুরু করে এক পর্যায় স্কুল গেইটের সম্মুখে মুখোমুখি হলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষে ৮/১০জন আহত হন।

আহতদের তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সম্পাদক গ্রুপের অনুসারীরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক পথ সভায় মিলিত হন। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ‘র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা জোবের, সদরুল, মতিউর রহমান, সুমন, শিব্বির, রাজিব, আমিনুল, তাজ উদ্দিন, ফয়েজ, সুজন, আশরাফুল, শামীম প্রমুখ।

অপরদিকে সভাপতি গ্রুপ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশন এলাকায় এসে এক পথ সভায় মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ‘র সভাপতি মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, ছাত্রলীগ নেতা রুবেল, জাবের, মিছবাহ, শাহজান, সুমন, ডালিম, দুলাল, বাবুল, মোয়াবিয়াহ, নিজাম প্রমুখ। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটিকে বাতিলের দাবি ও স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের পক্ষে বিপক্ষে মিছিল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে থানার পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত