১৪ ডিসেম্বর, ২০১৫ ০১:৪১
রবিবার ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের নিজস্ব মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে সভাপতিত্ব করেন এম.সি. কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এছাড়া বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) প্রফেসর এ. কে. সাব্রী সাবেরীন এবং সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ. কে. এম. গোলাম কিবরিয়া তপাদার। অনুষ্ঠানে মুরারিচাঁদ কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ও বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী এবং মদনমোহন কলেজ ও সিলেট সরকারী কলেজের মাননীয় অধ্যক্ষবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলনের মাধম্যে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি। তারপর প্রধান অতিথিকে কুচকাওয়াজের মাধ্যমে সালাম জানায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এম.সি. কলেজ প্লাটুন এবং এম.সি. কলেজ রোভার স্কাউট দল। পরে যথাক্রমে অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি, উদ্ভিদবিদ্যা, গণিত, দর্শন, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, বাংলা, মনোবিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি।
তারপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয় এবং অলিম্পিক মশাল প্রজ্বলন করা হয়।
অতঃপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন করে এম.সি. কলেজ রোভার স্কাউট, মোহনার পক্ষে তমালিকা তালুকদার তমা এবং বিপুল শর্মার নির্দেশনায় থিয়েটার মুরারিচাঁদ-এর সদস্যরা নৃত্য পরিবেশন করেন।
তারপর ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীরা অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গত ৩রা ও ৪ঠা ডিসেম্বর আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এরপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ. কে. এম. গোলাম কিবরিয়া তপাদার। তিনি বলেন, এদেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা এবং খেলাধুলার প্রতিও মনোযোগ দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এম.সি. কলেজের সুনাম ও সফলতার ধারা অক্ষুণ্ণ রাখায় কলেজের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন এদেশের সেরা দশটি কলেজের মধ্যে এম.সি. কলেজ অন্যতম। তিনি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অবদান উল্লেখ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে স্মরণ করে দেশ ও জাতি গঠনে কাজ করতে ছাত্রনেতাদের উপদেশ দেন।
সভাপতির বক্তব্যে এম.সি. কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ কলেজের শিক্ষা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের কথা উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষকদের ইনহাউস ট্রেনিং ইত্যাদির কথা উল্লেখ করেন। পরে তিনি শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মন্তব্য