সিলেটটুডে ডেস্ক:

১৬ মে, ২০২২ ২০:১৯

চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার কঠোর থাকবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গেল ৩ বছর ধরে কোনো ফরিয়ার মাধ্যমে ধান সংগ্রহ করা হয় না। কৃষকদের নামে ধান সংগ্রহের তালিকা করা হয়। সেখানে সরাসরি কৃষকের কাছে টাকা চলে যায়। এখানে ফড়িয়াদের সুবিধা নেওয়ার সুযোগ নেই।

সোমবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গুদাম পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান চালের দাম থেকে আরও কমালে কৃষক মরে যাবে। সরকারি ক্রয়কেন্দ্রে ধানের দাম ১০৮০ টাকা করা হয়েছে বাজার ব্যালেন্স করার জন্য। যারা ব্যবসায়ী, আড়ৎদার রয়েছে তারা যেন কৃত্রিমসংকট তৈরি না করে। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ। এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সদর ও তাহিরপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত