নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৮

পরিবহন ধর্মঘট চলছে, দুর্ভোগ চরমে

ট্রাক শ্রমিকদের ধর্মঘটে র‌্যাবের হামলার জেরে পরিবহন শ্রমিকদের ডাকা সিলেট জেলায় পরিবহন ধর্মঘট মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে চলছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে সিলেটের কোনো সড়কে ট্রাক এবং বাস চলাচল করতে দেখা যায়নি। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এমনকি দূরপাল্লার  যাত্রীরা বাস না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আগে থেকে ধর্মঘটের খবর না জানায় পরিবার পরিজন নিয়ে টার্মিনালে এসে বিপাকে পড়তে দেখা যায় অনেককে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন 'সুরাহা' না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

তিনি বলেন, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। প্রতিটি সড়কে দফায় দফায় টোল দিতে হচ্ছে। এসব বন্ধের দাবিতে সোমবার দিনভর ট্রাক ধর্মঘট পালন করা হয়।

ট্রাক ধর্মঘটে র‍্যাবের হামলা চালানোর অভিযোগে হুমায়ুন রশীদ চত্বর অবরোধ করে রাখে শ্রমিকরা।

আপনার মন্তব্য

আলোচিত