নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

৩০ মে, ২০২২ ১৬:১৫

খাসিয়া সম্প্রদায়ের প্রতি অন্যায় করা হচ্ছে, দাবী হিরণ মিত্রের

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত খাসিয়াপুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের মানুষগুলোর নামে মামলা, হামলা, পানজুম দখলসহ নানান ধরনের অন্যায় করা হচ্ছে বলে দাবী করেছেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিরণ মিত্র চাকমা।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ডলুকছড়া পুঞ্জি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মৌলভীবাজারের কুলাউড়ার ডলুছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতিকালে বন বিভাগ ও স্থানীয় প্রভাবশালী কর্তৃক সামাজিক বনায়ন এর নামে পান জুম দখল ও খাসি আদিবাসীদের ওপর হামলার ঘটনায় ডলুকছড়া  খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছে বেসরকারি সংগঠন কাপেং ফাউন্ডেশন।

রোববার (২৯ মে) দিনব্যাপী খাসিয়া পুঞ্জি পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এ সময় খাসিয়াদের সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিরণ মিত্র চাকমা, কুবরাজ আন্ত পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলি তালাং, বাংলাদেশ ইন্ডিজিনিয়াস উইমেন নেটওয়ার্কের নারী নেত্রী অন্নেষা চাকমা, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, উপদেষ্টা চিত্ত রঞ্জন দেববর্মা, খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ।

পরিদর্শন শেষে কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিরণ মিত্র চাকমা সাংবাদিকদের বলেন, আমরা খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছি। সেখানে আমরা ঘুরে দেখে তথ্য প্রমাণ পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এখানে খাসিয়াদের সাথে অন্যায় করা হচ্ছে। তারা যুগ যুগ ধরে এই জায়গায় বাস করে আসছে। হঠাৎ করে তাদের জায়গা দখল করে নেয়ার চেষ্টা চলছে। তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যেন তাদের উপর কোন হামলা বা মামলা না হয় সে বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। আমরা এই আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের সহযোগিতা করবো।

এর আগে কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি দলটি হবিগঞ্জের সাতছড়ি ত্রিপুরা পল্লী, রেমা কালেঙ্গার ছনপাড়া ও গাইরিং পাড়া ও মৌলভীবাজারের কমলগঞ্জের মাঝের ছড়া ত্রিপুরা গ্রাম পরিদর্শন করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত