ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

৩১ মে, ২০২২ ২২:০৮

ফেঞ্চুগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জে গাছ থেকে পড়ে কনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কনু মিয়া উপজেলার আশিঘর গ্রামের মৃত অফি উল্লাহর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কনু মিয়া লিচু গাছ থেকে লিচু পাড়তে গাছে উঠেন। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, গাছ থেকে পড়ে কনু মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত