১৫ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫১
দিনভর দূর্ভোগের পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভপতি সেলিম আহমদ ফলিক।
ট্রাক শ্রমিকদের ধর্মঘটে র্যাবের হামলার জেরে মঙ্গলবার সকাল থেকে সিলেটে ধর্মঘট পালন করে বাস শ্রমিক। বাস-ট্রাকের ধর্মঘটে কার্যত দিনভর অবরুদ্ধ ছিলো সিলেট। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বাস-ট্রাক শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক শেষে সেলিম আহমদ ফলিক বলেন, প্রশাসনের আশ্বাস ও বিজয় দিবসের কারণে ধর্মঘট আপাতত প্রত্যহার করেছি। এই সময়ের মধ্যে সমাস্যার সমাধান না হলে পুণরায় আমরা ধর্মঘট পালন করবো।
বিভাগীয় কমিশনরার জামাল উদ্দিন আহমদের সভাপতিতত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নুরে আলম মিনা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ পরিবহন শ্রমিক নেতারা।
এদিকে, সকাল থেকে সিলেটের কোনো সড়কে ট্রাক এবং বাস চলাচল করতে দেখা যায়নি। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এমনকি দূরপাল্লার যাত্রীরা বাস না পেয়ে চরম দুর্ভোগ পোহান। আগে থেকে ধর্মঘটের খবর না জানায় পরিবার পরিজন নিয়ে টার্মিনালে এসে বিপাকে পড়তে দেখা যায় অনেককে।
সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করা ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করে পরিবহন শ্রমিকরা।
রবিবার থেকে ট্রাক ধর্মঘটের ডাক দেয় ট্রাক শ্রমিকরা। রবিবার রাতে ট্রাক ধর্মঘটে র্যাবের হামলা চালানোর অভিযোগে হুমায়ুন রশীদ চত্বর অবরোধ করে রাখে শ্রমিকরা। এরপ্রতিবাদে বাস শ্রমিকরাও অবরোধে নামে।
আপনার মন্তব্য