০৪ জুন, ২০২২ ২২:৪৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত এক সপ্তাহে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। সেই সঙ্গে কাঁচা মরিচের দামও বেড়েই চলেছে। ক্রেতাদের মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (৪জুন) সরেজমিনে ঘুরে জগন্নাথপুর বাজার, রানিগঞ্জ বাজার, ভবের বাজার, সৈয়দপুর বাজার,মিরপুর বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় সব বাজারে পেঁয়াজ খুচরা হিসেবে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জগন্নাথপুর বাজারের খুচরা ব্যবসায়ী আল আমিন বলেন, পেঁয়াজ বিক্রি করেও লোকসান হচ্ছে।
একই বাজারে কাঁচা মরিচ কিনতে আসা স্থানীয় সুমেল বলেন, ‘কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১১০ টাকা কেজিতে, তিন দিন আগেও ছিল ১০০ টাকা কেজির নিচে। এ ছাড়া সব শাক-সবজির দামও বেড়েই চলেছে। লাল শাক ২০ টাকা থেকে ৪০ টাকা কেজি হয়েছে। এক সপ্তাহ ধরে কাঁচাবাজারের দাম লাগামহীন হওয়ায় বাজারে যাওয়ার উপায় নেই। তেল, নুন, আটা-ময়দা, চাল থেকে সবজি, মাছ, মাংস—সবই আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।’
জগন্নাথপুর বাজারের ক্রেতা সুমা বেগম সবজি কিনতে এসেছেন। তিনি বলেন, ‘কাঁচামরিচের দাম প্রতিদিন বাড়ছে। শুক্রবার ছিল ৮০ টাকা, আজ শনিবার দেখছি ১০০ টাকা।’
দাম বাড়ার ব্যাপারে ব্যবসায়ীদের ভাষ্য,বৃষ্টির কারণে পেঁয়াজ-মরিচের দারুণ ক্ষতি হয়েছে, তাই দাম কিছুটা বেড়েছে।
এদিকে আলুর দামও প্রতি কেজিতে তিন-চার টাকা বেড়েছে। কচুর লতি, ডাঁটাশাক প্রতি কেজিতে ১০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এমনিতেই তেল, চাল, আটা, ময়দা সবকিছুর দাম আকাশছোঁয়া; সেখানে সবজি কিনতে গেলেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
কাঁচাবাজারের পাইকারি বিক্রেতা সাহিন আহমদ বলেন, ‘এখন বেশির ভাগ পেঁয়াজ মজুতদারদের গুদামে চলে গেছে। ফলে সামনে কৃত্রিম সংকট তৈরি হয়ে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘রসুনের দাম গত দুই দিনে ২০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে ৫০ টাকার রসুন এখন ৭০ টাকা কেজি আর খুচরা বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’
পাইকারি বাজারের বিক্রেতা হাবিব জানান, মজুতদারেরা পেঁয়াজ-রসুন মজুত করে রেখেছেন। এ জন্য দাম দফায় দফায় বাড়ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, কেউ দাম বাড়িয়ে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকেরই বিভিন্ন শাক-সবজি লাগানোর কথা, কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। সে জন্য সবজির দাম কিছুটা বেড়েছে।
আপনার মন্তব্য