গোলাপগঞ্জ প্রতিনিধি

১৫ জুন, ২০২২ ১১:৫২

গোলাপগঞ্জে উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

গোলাপগঞ্জে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। এর আগে মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রেরণ করা হয়।

এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিলেও কেন্দ্রীয় নির্দেশনায় নেই আরেক বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি। সেই সাথে অন্য কোন রাজনৈতিক দলও তাদের কোনো প্রার্থী দেয়নি। অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী মাঠে না থাকলেও গোলাপগঞ্জের ভোটের মাঠ জমিয়ে তুলেছেন আওয়ামী লীগের ঘরানার প্রার্থী।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে নির্বাচন করছেন প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অপরজন হলেন ঢাকাদক্ষিণ কলেজের সাবেক ভিপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। শফিক নির্বাচনে অংশ নেয়ায় দলীয় নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে গেছেন। একপক্ষ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলেও উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা গোপনে কাজ করছেন শফিকের পক্ষে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। নির্বাচনে মোট ১০২টি কেন্দ্রে পুলিশ প্রশাসনের ১০২টি দল দায়িত্ব পালন করছেন। প্রতিটি দলে কমপক্ষে পাঁচজন সদস্য রয়েছেন। প্রতিটি কেন্দ্রে অন্তত ১০ থেকে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশ আনসারের সাথে র‌্যাব বিজিবিসহ অন্যান্য সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় ভাবে রয়েছেন।

এছাড়াও পুরো নির্বাচনী প্রক্রিয়া সামলাতে মোট ৮জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ৫ জন। আর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন ৩ জন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ১০০ জন। এর মধ্যে ১ লাখ ২২ হাজার জন নারী এবং ১ লাখ ১৮ হাজার ৩ জন পুরুষ। তারা মোট ১০২টি কেন্দ্রে ৬২৫টি কক্ষে ভোট দিয়ে নিজেদের কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ১০২ টি ভোট কেন্দ্রে মধ্যে ৯৩টি গুরুত্বপূর্ণ হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেন । তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) এই শূন্য আসনে  তফসিল ঘোষণা করে।  ১৫জুন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত