১৬ ডিসেম্বর, ২০১৫ ২০:৩৪
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ আয়োজিত স্কুলভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী আজ (১৬ ডিসেম্বর, বুধবার, জাতীয় বিজয় দিবস) বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত মুক্তমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সহিদুজ্জামান পাপলুর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বাদল কর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট সংসদের কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন সম্পা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ এবং চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক সপ্তর্ষী দাস ও সহ সাধারণ সম্পাদক দীপংকর দাশগুপ্ত।
কোমলমতি শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। গত ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা সংগ্রহ করা হয় এবং ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় নগরীর মিরাবাজার মডেল স্কুলে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করা হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী আব্দুল বাতেন ও সত্যজিৎ চক্রবর্তী এবং রচনা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ছাত্র ইউনিয়ন সিলেটের সাবেক সহ-সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ এবং বর্তমান সহ-সভাপতি ইমরানা সুলতানা।
এ আয়োজন সম্পর্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিশুদের মনন গঠনে ব্যর্থ। তাই ছাত্র ইউনিয়নের উদ্যোগে শিক্ষাকে আনন্দমুখর করে তুলতে এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একজন স্কুলগামী শিশু মুক্তিযুদ্ধকে কিভাবে দেখছে, স্বাধীন এ বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তা জানা অত্যন্ত দরকার। আর সে সুযোগটাই সৃষ্টি করতে কাজ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সেই সাথে দেশের সংস্কৃতি সম্পর্কে জানা এবং তার সাথে একটি সাংস্কৃতিক সংগ্রামের প্রয়োজনীয়তাও উপলব্ধি করা দরকার।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের স্কুল শিক্ষার্থীদের বই ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় বিচারকদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আপনার মন্তব্য