কুলাউড়া প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৫ ২১:৫০

কুলাউড়ায় সশ্রদ্ধচিত্তে বীর শহীদদের স্মরণ

যুদ্ধাপরাধী ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মহান বিজয় দিবসের ৪৪ বছর পূর্তিতে কুলাউড়াবাসী সশ্রদ্ধচিত্তে স্মরণ করলো অকুতোভয় বীর শহীদদের।
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ডিসেম্বর মঙ্গলবার  রাত  ১১ টায় উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গণসংগীতের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।

এরপর ১৬ ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর একে একে কুলাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাসদ, উপজেলা কমিউনিস্ট পার্টি, কুলাউড়া থানা, রেলওয়ে থানা, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল জব্বার স্মৃতি সংসদ, কুলাউড়া ব্যাংকার্স এসোসিয়েশন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ডেকোরেটার্স কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং পৌর নির্বাচনের মেয়র প্রার্থীরা স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৬ ডিসেম্বর বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু কিশোরদের পরিবেশনায় ক্রীড়ানুষ্ঠান ও মনোমুগ্ধকর শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।  ১১টা ৪৫ মিনিটে ছাত্র-ছাত্রী ও শিশু কিশোরদের মধ্যে ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২টায় বিজয় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা সৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়।

দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত