১৯ ডিসেম্বর, ২০১৫ ২২:৩৩
ফাইল ছবি
ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় চা বাগান ও বনাঞ্চল পরিবেষ্টিত কমলগঞ্জ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কমলগঞ্জের চা বাগানে এক সপ্তাহেই তীব্র শীতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার শমশেরনগর চা বাগান এলাকার ইউপি সদস্য সীতারাম বীন জানান, তীব্র শীতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শমশেরনগর চা বাগানের আপ্তামা রেলী (৬৫) নামের এক মহিলা চা শ্রমিক মারা যান। এর আগে রোববার শমশেরনগরের ফাঁড়ি ডবলছড়া বাগানের লাল বাবু মৃধা (৪৬) ও শনিবার কানিহাটি চা বাগানের বাবু লাল রিকিয়াশন (৫২) নামের আরও ২ জন চা শ্রমিকের মৃত্যু হয়।
ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা বাতাসে রাস্তাঘাট ও ঘরের আঙ্গিনায় লোকজন খড়কুটো ও শুকনো পাতা জ্বালিয়ে আগুনের উত্তাপ ও গরম কাপড় পরিধান করে শীত নিবারণের চেষ্টা চালায়। স্বল্প আয়ের মানুষজন শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহান। ঘন কুয়াশার কারণে শনিবার (১৯ ডিসেম্বর) কমলগঞ্জে পুরো দিনে একবারও সূর্যের দেখা মিলেনি। শীতের তীব্রতায় হাটবাজারে লোকজনের খুব কম সমাগম হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক হারুনুর রশীদ জানান, এই মৌসুমে গত বুধবারই শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৪.৪ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শীতের তীব্রতায় লোকজন ঠাণ্ডা জনিত রোগেও আক্রান্ত হচ্ছেন।
শমশেরনগর চা শিল্প শ্রম কল্যাণ কেন্দ্রের পরিচালক ডাঃ সুকুমার সিংহ জানান, এ সময় লোকজন সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শীতের প্রকোপ আর কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আপনার মন্তব্য