২০ ডিসেম্বর, ২০১৫ ০২:৩৬
হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া এ নির্বাচনী ইশোতেহারে আতাউর রহমান পৌরসভা উন্নয়নে ১৫টি প্রতিশ্রুতি তুলে ধরেন।
এর মধ্যে তিনি পৌর কর বৃদ্ধি না করা, শহরের জলাবদ্ধতা দূর করা, পৌরসভাকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখা, সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া, শহরকে সবুজের সমারোহে পরিণত করা ও শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণের কথা বলেন। এ ছাড়া তিনি শহরের পুরোনো খোয়াই নদ দখলমুক্ত এবং নারী ও শিশুদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী বলেন, এ পৌরসভায় গত ১০ বছর কোনো উন্নয়ন হয়নি। এ বিষয়ে বাংলাদেশ পৌরসভা উন্নয়ন তহবিল (বিএমডিএফ) এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পসহ সব প্রকল্পে বর্তমান সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত থাকলেও পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির নেতা জি কে গউছের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি। রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত হয়েছেন পৌরবাসী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট এম. আকবর হোসেন জিতু, মোহাম্মদ শরীফ উল্লাহ, মর্তুজ আলী, লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মো. মোতাচ্ছিরুল ইসলাম, অ্যাডভোকেট আফিল উদ্দিন, খায়রুল মনসুর চৌধুরী মজনু ও অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি প্রমূখ।
আপনার মন্তব্য