কুলাউড়া প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০১৫ ২০:৫৮

আচরণবিধি লঙ্ঘন: কুলাউড়ায় ৩ মেয়রসহ ৯ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন মেয়রসহ নয়জন কাউন্সিলর প্রার্থীকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (২০ ডিসেম্বর) বিকেলে  ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় দেয়ালে পোস্টার লাগানোয় বিএনপির মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদের এক কর্মীকে ৫ হাজার টাকা এবং  গাড়িতে পোস্টার লাগানোয় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের এক জন সমর্থককে ৩ হাজার, স্বতন্ত্র মেয়র প্রার্থী শফী আলম ইউনুছকে ৫ হাজার টাকা করে ১২হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গাড়ি শোভাযাত্রা করায় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুরাদ আহমদকে, দেয়ালে পোস্টার লাগানোয় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ. হারুনুর রশীদ, রুমান আহমদ রুমেল, আবদুল মতলিব খোকন, শামীম আহমদ চৌধুরী, মোঃ. মুস্তাক, আলমাছ পারভেজ তালুকদার ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকবাল আহমদ শামীম এবং ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বেবী বেগম চৌধুরীর কর্মীদের নগদ ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ রাত সাড়ে ৮টায়  মোবাইলে ফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত