২০ ডিসেম্বর, ২০১৫ ২৩:১৪
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সংশয়ের কথা তুলে ধরেন।
জানা যায়,রোববার বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়। সেখানে কামাল উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, কয়েক দিন ধরে সরকারদলীয় প্রার্থীর পক্ষে পৌর শহরে নির্বাচনী আচরণ বিধির তোয়াক্কা না করে মিছিল হচ্ছে। হাতি নিয়েও মিছিল হচ্ছে। রাত আটটা পর্যন্ত মাইকিং প্রচারণার নিয়ম থাকলেও নয়টা-সাড়ে নয়টা পর্যন্ত প্রচারণা চলছে। এসব কারণে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে তিনি লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে সড়কের পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ানোর বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ওই মেয়র পদপ্রার্থী বলেন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী সল্পতার কারণে এ সমস্যা ঘটছে। তারপরও তাৎক্ষণিকভাবে আবর্জনা অপসারণে চেষ্টা চালিয়ে যান বলে তিনি দাবি করেন। এছাড়াও পৌর কর বৈষম্যের প্রশ্নে তিনি বলেন নির্বাচিত হলে আগামীতে এই কর সংক্রান্ত বৈষম্য নিরসনের জন্য কাজ করবেন।
মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ রোববার সন্ধ্যায় বলেন, ‘পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। কোন প্রার্থীর কাছ থেকে প্রতিবন্ধী কোন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য