২১ আগস্ট, ২০২২ ২০:০৯
আহত সাংবাদিক আব্দুল বাছিত
মৌলভীবাজারের কমলগঞ্জে গত শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।
ঘটনার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক হিসেবে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়াকে (৩৮) আটক করেছিল।
এ ঘটনায় ৪ দিন পর ৬ জনের নাম উল্লেখ্য করে কমলগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করা হলে আটক ২ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার ৭দিন পর র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ মামলার মূল আসামি কাওছার মিয়া (৩৫) ও ফারুক মিয়াকে (৩৪) আটক করে রোববার কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে। অন্যদিকে রোববার এ মামলায় মৌলভীবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে নাজির মিয়া (৩৭) ও লিটন মিয়াকে (৩৮) কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৬ জন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এলোপাতাড়িভাবে দায়ের কুপে সাংবাদিক বাছিতের ২ হাত ও ২ পায়ে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। সাংবাদিক আব্দুল বাছিত এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মন্তব্য