২৪ আগস্ট, ২০২২ ১২:৪১
সিলেট ভ্যালির সকল বাগানের চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বুধবার (২৪ আগস্ট) পূর্ণদিবস ধর্মঘটের ১৬তম দিনে শ্রমিকরা বিভিন্ন বাগানে বাগানে সভা, সমাবেশ, মানববন্ধন করে ধর্মঘট পালন করছেন।
বুধবার সকালে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে বাগানগুলোতে চা উত্তোলন বন্ধ রয়েছে। বাগানের বিভিন্ন স্থানে দলে দলে ভাগ হয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।
এর আগে গতকাল মঙ্গলবার চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা করেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তাদের সাথে তিনশ টাকা মজুরির দাবিতে একমত পোষণ করেন ইউনিয়নের নেতারাও।
প্রসঙ্গত, ৩০০ টাকা মজুরি আদায়ে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে ১১ আগস্ট সন্ধ্যায় শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরে কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি।
পরে ১৩ আগস্ট থেকে টানা ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরমধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। অবশেষে ১২০ টাকা মজুরিতে শ্রমিকরা কাজে যোগদান করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ সিদ্ধান্তও না মেনে শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন।
আপনার মন্তব্য