গোলাপগঞ্জ প্রতিনিধি:

২৪ আগস্ট, ২০২২ ২৩:৪৭

গোলাপগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের অর্থদণ্ড

গোলাপগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে নাছির আহমদ (৩০) নামের এক যুবককে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অভিজিৎ চৌধুরী তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড দেন।

দন্ডপ্রাপ্ত যুবক নাছির আহমদ বাঘা ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত মুহিব আলীর ছেলে।

জানা গেছে, বুধবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে কোচিং সেন্টারে যাওয়ার পথে নাছির আহমদ এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে অবগত করলে ওসি মো. রফিকুল ইসলামের নির্দেশে তাৎক্ষণিক এসআই ফয়জুল করিম এবং এসআই জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অভিজিৎ চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নাছির তার দোষ স্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করায় নাছিরকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও নারীদের উত্যক্তের ব্যাপারে পুলিশ খুবই সতর্ক। যেখানেই উত্যক্তের খবর পাওয়া যাবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।’

আপনার মন্তব্য

আলোচিত