বাহুবল প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২২ ০০:২৭

মামলার জেরে শিশু খুন, বাহুবলে আটক ২

মামলা নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের বাহুবলে দেড় বছরের শিশু তোহা আক্তারকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফয়জাবাদ গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগান থেকে শিশু তোহার মরদেহ উদ্ধার করা হয়।

এর পরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ কিশোরকে আটক করে।

শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হচ্ছে- ফয়জাবাদ গ্রামের ফুল মিয়ার ছেলে জুবায়েল আহমেদ ও আবুল হোসেনের ছেলে তারেক মিয়া।

পুলিশ জানায়, উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ এলাকার মো. আব্দুল মতিন মিয়ার দেড় বছর বয়সী শিশু কন্যা তোহা আক্তার (২৪ আগস্ট) বুধবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। তার কিছুক্ষণ পর থেকে তোহাকে খোঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে পরদিন বৃহস্পতিবার গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগানে শিশু তোহার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার মর্গে প্রেরণ করে এবং বিভিন্ন আদালমত সংগ্রহ করে।

বৃহস্পতিবার রাতে নিহত শিশুর পিতা বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শিশু হত্যায় জড়িত দুই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, ‘নিহত শিশুর পিতা আব্দুল মতিন মিয়া ও ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জেরধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য

আলোচিত