২৭ আগস্ট, ২০২২ ১১:২৫
মৌলভীবাজারে ৩টি মুদি দোকানে মধ্যরাতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলোতে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।
শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে মৌলভীবাজার শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে সকাল ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরতলীর শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার সামনের রুহিন স্টোর, মাদ্রাসা ক্যান্টিন, চা স্টলসহ ৩টি দোকানের তালা ভেঙে সাটার খুলে চোর চক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রুহিন স্টোরের মালিক শিপন আহমেদ জানান, চোর চক্র ভোজ্য তেল, চাল, চিনি, গ্যাস সিলিন্ডার ও দোকানে রক্ষিত নগদ অর্থসহ মালামাল নিয়ে যায়।
ইউপি সদস্য ইমরান আহমদ জানান, একই সঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে বড় কোনো চক্রের পাশাপাশি এলাকার কেউ জড়িত থাকতেও পারে। রাতে ওই সড়কে পুলিশি টহল নিয়মিত থাকলে চোর চক্র এত বড় ঘটনা ঘটানোর সাহস পেতো না।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। অতীতেও বিভিন্ন ঘটনা তদন্ত করে উদঘাটন করতে পেরেছে পুলিশ। আশা রাখি এ ঘটনাও পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।
আপনার মন্তব্য