২৮ আগস্ট, ২০২২ ১৫:১৮
১৯ দিনের ধর্মঘটের পর রোববার (২৮ আগস্ট) থেকে কাজে যোগ দিয়েছেন মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েকটি বাগানের চা-শ্রমিকরা। গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর আজ রোববার (২৮ আগস্ট) সপ্তাহিক ছুটি থাকলেও সকালে কাজে ফেরেন এই দুই অঞ্চলের বেশ কয়েকটি বাগানের চা-শ্রমিকরা।
এদিকে বিভিন্ন বাগানে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক পরবর্তী তারা সংবাদ সম্মেলনও করবেন বলেও জানান নেতৃবৃন্দ।
দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুর ভ্যালির লস্করপুর চা বাগানের শ্রমিক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “আজকে আমাদের নেতারা বসবেন। নিজেদের মধ্যে আলোচনার পর আমরা সব কিছু সাংবাদিকদের ব্রিফ করব। আমি এরই মধ্যে শ্রীমঙ্গলের পথে আছি।”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি।
তিনি আরও বলেন, বিকেলে বৈঠক শেষে ব্রিফ করা হবে। পরে শ্রমিকরা আনন্দ মিছিল করবে।
চা শ্রমিক নেতা বিজয় হাজরা বলেন, প্রধানমন্ত্রীর বার্তা সব বাগানেই পৌঁছে দেওয়া হয়েছে। আজ কোনো কোনো বাগানে নগদা (একদিনের মজুরিতে) কাজ করছেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে চা বাগানগুলোতে প্রাণ ফিরে এসেছে।
মজুরি বাড়ানোর পর প্রধানমন্ত্রী রোববার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন এবং শিগগির শ্রমিকদের আগ্রহ অনুযায়ী তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় তিনি আরও বলেন, একই সঙ্গে বাড়তি চা পাতা তোলা, উৎসব বোনাসসহ শ্রমিকদের আনুপাতিক হারে অন্যান্য ভাতা ও সুবিধা বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছেন চা বাগান মালিকরা। বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য