গোলাপগঞ্জ প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৩

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরেকজন যাত্রীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন লুৎফুর রহমান (৭২)। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য। এছাড়া তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। ইউনুস পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজি (অটোরিকশা) ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপ এর মধ্যে ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত