২২ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৭
প্রবাসী অধ্যুষিত হলেও স্বাস্থ্যক্ষেত্রে সিলেট এখনও অনেক পিছিয়ে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় সিলেট সারা দেশের পেছনে অবস্থান করছে। এ থেকে উত্তরণের জন্য সরকার, বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি এবং ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারী প্রজেক্ট (এনএইচএসডিপি) এই মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার সকালে সিলেট অঞ্চলের ৪০জন সিনিয়র সাংবাদিক নিয়ে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক বর্তমানের বিশেষ প্রতিনিধি লিয়াকত শাহ ফরিদী।
দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যুরো ইনচার্জ শাহ সুহেল আহমদ ও হাসিব মোস্তফা জামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এনএইচএসডিপির চিফ অব পার্টি ডা. হালিদা হানুম আখতার, এনএইচএসডিপির ডায়রেক্টর শফিকুর রহমান। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উপরে কী’নোট পেপার উপস্থাপন করেন দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ তাজ উদ্দিন, এসএসকেএস’র প্রজেক্ট ডায়রেক্টর মফিজুর রহমান বাবুল, সীমান্তিকের প্রজেক্ট ডায়রেক্টর আব্দুর রহিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন এসএসকেএস’র জেনারেল সেক্রেটারি রোটারিয়ান বেলাল আহমদ।
ডা. হালিদা হানুম আখতার সূর্যের হাসি ক্লিনিকের একটি সামগ্রিক পরিচিতি দেন এবং কীভাবে প্রতিরোধযোগ্য বিভিন্ন ধরণের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, গর্ভবতী মায়েদের নিয়মিত চেক-আপ সেবা নিয়ে জীবন বাঁচানো এবং দক্ষ চিকিৎসাকর্মীর তত্ত্বাবধানে সন্তান জন্মদানের ব্যবস্থা করা হয় সে বিষয়ে বর্ণনা প্রদান করেন। তিনি বলেন, এই অনুষ্ঠানটি কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যপেশাজীবি ও গণমাধ্যমকর্মীদের একত্রিত করেছে যেখানে এনএইচএসডিপি’র সূর্যের হাসি ক্লিনিকসমূহ দরিদ্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে যেসব পদ্ধতি অবলম্বন করছে সে বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করা সম্ভব। এই অনুষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার, এনজিও ও গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করতে প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আফতাব উদ্দিন, ঢাকা ট্রিভিউনের ব্যুরো প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, সকালের খবরের ব্যুরো প্রধান ফারুক আহমদ, যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, মৌলভীবাজারের পূর্বদিন সম্পাদক মুজাহিদ আহমদ, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, ডেইলি নিউজ টুডে’র এনামুল হক লস্কর, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার অনিতা সিনহা, বাংলাদেশ বেতার সিলেটের এম. রহমান ফারুক প্রমুখ।
আপনার মন্তব্য