স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৫ ২০:৪৩

মৌলভীবাজারে ‘মাহা ৭ জাতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

মৌলভীবাজারে ৭ জাতিগোষ্ঠীকে নিয়ে ‘মাহা ৭ জাতি ফুটবল টুর্নামেন্টে ২০১৫’ এর উদ্বোধন করা হয়েছে।


সূর্য কান্ত স্মৃতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও স্বনামধন্য ফ্যাশন হাউস মাহা’র পৃষ্ঠপোষকতায়  মঙ্গলবার(২২ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ হাই স্কুলের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশীষ রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মাহা’র সত্ত্বাধিকারী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এবং ৭ নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভুঁইয়া।  

অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু লক্ষ্মী কান্ত সিংহের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সূর্য কান্ত স্মৃতি স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্যাম কান্ত সিনহার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনিপুরী পাঙাল জনগোষ্ঠীর প্রতিনিধি অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি খিরোদ দেব বর্মা, গারো জনগোষ্ঠীর প্রতিনিধি বিকাশ মানকিন, খাসিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি জিডিসন প্রধান মুছিয়াং, মনিপুরি বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি ব্রজেন্দ্র সিংহ, মনিপুরী মৈতৈ জনগোষ্ঠীর প্রতিনিধি জয়ন্ত সিংহ, চা শ্রমিক জনগোষ্ঠীর প্রতিনিধি অঞ্জন গোস্বামী প্রমুখ।

উদ্বোধনী খেলায় সূর্য কান্ত স্মৃতি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফুলছড়া গারো একাদশ বিজয়ী হয়।

আপনার মন্তব্য

আলোচিত