২৩ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৫
কনকনে শীতেও থেমে নেই নবীগঞ্জ পৌরসভা নির্বাচনী প্রচারণা। সম্প্রতি নবীগঞ্জ জুড়ে জেঁকে বসেছে শীত। মঙ্গলবার চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এই শীতের সকালেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নবীগঞ্জে ৫ মেয়র প্রার্থীসহ ৩৯ জন প্রার্থী দিন-রাত বিরামহীনভাবে ভোটারদের মন জয়ের চেষ্টায় চষে বেড়াচ্ছেন শহরের অলিগলি ও পাড়া-মহল্লা। এমন তীব্র শীত উপেক্ষা করে শেষ মুহূর্তে এসে প্রার্থী ও ভোটাররা কষছেন নানা হিসাব-নিকাশ।
এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে পৌর শহরের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। পৌর শহরে প্রায় ১৬ হাজার ১৬৫ ভোটার অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ৩০ ডিসেম্বরের ভোটের সেই মাহেন্দক্ষণের জন্য। ওই দিনই ভোটাররা বেছে নিবেন তাদের পছন্দের পৌর মেয়র ও কাউন্সিলরকে।
পৌর শহরের ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া, মহল্লায় প্রার্থীদের পক্ষে নানা কথা বলে ঘুরে বেড়াচ্ছে প্রচারণার মাইক। মাইকিংয়ে গীতে-শ্লোকে-স্লোগানে প্রার্থীদের গুণগান গাইছেন তাদের কর্মী-সমর্থকরা। বলে যাচ্ছেন প্রার্থীদের প্রতিশ্রুতি কথাও। চাইছেন দোয়া-সমর্থন ও ভোট। প্রচণ্ড শীতেও যেন থেমে থাকেনি শহরের নির্বাচনের উৎসব। প্রচারণায় মুখরিত সর্বত্র।
উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ পর্যন্ত ধরে রাখতে পুলিশ, উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলরে প্রার্থীরাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। তবে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকাগুলোতে নজরধারী করছেন।
এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় পৌর নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আর এ কারণে সাধারণ ভোটাররাও বেশ আগ্রহ নিয়ে তা উপভোগ করছেন।
তরুণ ভোটার শুভন আহমদ চৌধুরী জানান, ভোট এলেই প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটান। আর নির্বাচিত হয়ে গেলে তারা বেমালুম তা ভুলে যান। তাই এবার প্রতিশ্রুতির দিকে তাকিয়ে নয় ভোট দেব বাস্তবে, যে কাজ করতে পারবেন তাকে।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাছেত খাঁন জানান, পৌর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন চৌধুরী জানান, পৌরসভা নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষে আছে। এখনো কোথাও দলীয় এমপি-মন্ত্রী কর্তৃক প্রভাব খাটানোর কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মন্তব্য