২৪ ডিসেম্বর, ২০১৫ ২২:৫৭
বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন- সারাদেশের ন্যায় জগন্নাথপুর পৌরসভায়ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রার্থী কে সেটা দেখার অবকাশ নেই আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জগন্নাথপুর পৌরসভায় ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী রাজু আহমদকে বিজয়ী করার মাধ্যমে প্রমাণ করতে হবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভা বিএনপির একটি দুর্জয় ঘাটি। দলের দুর্দিনে জাতীয়তাবাদী আদর্শের কোন সৈনিক বসে থাকতে পারেনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কৌশল হিসেবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়কে ত্বরান্বিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে জগন্নাথপুর পৌরসভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের পক্ষে গণসংযোগ, প্রচারণা শেষে পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি দিনভর জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও প্রচারণা চালান। এসময় দ্বিধাবিভক্ত জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির সকল গ্রুপের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণায় অংশ নেন। সবাই এক হয়ে জগন্নাথপুর পৌরসভায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করার শপথ নেন।
পৌর বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি সভাপতি এম.এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু।
কর্মী সভা ও পৃথক গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য কবির আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল মুকিত, আবিবুল বারী আয়হান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএম সোহেল প্রমুখ।
গণসংযোগ ও প্রচারণা চলাকালে জনতার উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন- পৌরসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে আওয়ামী অবৈধ সরকারের অপশাসনের নীরব প্রতিবাদ জানাতে হবে। পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নেয়ার যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় ঠেকানোর সাধ্য কারো নেই।
আপনার মন্তব্য