নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০১৫ ২২:৪৩

কানাইঘাটে শেষ মূহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


৩০ ডিসেম্বর পৌর নির্বাচন। প্রচারণার জন্য হাতে আছে মাত্র একদিন। তাই ব্যস্ত সময় পার করছেন কানাইঘাট পৌর নির্বাচনের প্রার্থীরা। সময় যত ঘনিয়ে আসছে বাড়ছে ব্যস্ততার পরিমান। গণসংযোগ, নির্বাচনী পথসভা, ভোটারদের প্রতিশ্রুতি প্রদান সবই চলছে সমান তালে। যেনো দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের।

রবিবার সরেজমিনে পৌর শহর ঘুরে দেখা গেলো এমনই চিত্র।

রবিবার কানাইঘাটে নির্বাচনী পথসভাও করেন মেয়র প্রার্থীরা। দু্ই বৃহৎ দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে নিজ নিজ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও নেমেছেন গণসংযোগে।

গত শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের সমর্থনে ভোট চেয়ে গেছেন ভোটারদের কাছে। মাঠ চষে বেড়িয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

রবিবার দিনভর কানাইঘাটে লুৎফুর রহমানের সমর্থনে জেলা উপেজলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ জনসংযোগ করেন। নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে সভাও করেন। সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি খন্দকার মহসিন কামরানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অপরদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহিম ভরসার সমর্থনে গণসংযোগ ও বিভিন্ন স্থানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্রনায়ক হেলাল খান, বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মোক্তাদির, সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিকউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশীদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাবুল আহমদের সমর্থনে পৌর শহরে গণসংযোগ, মিছিল ও নির্বচনী পথসভা করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

খেলাফত মজলিস সমর্থিত ইসলাম উদ্দিনের সমর্থনে কানাইঘাট পূর্ব বাজারে আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসকল সভায় এলাকার উন্নয়ন ও নিজেদের প্রার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরেন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত